বিএনপির সমাবেশ : লোকে লোকারণ্য নয়াপল্টন

দেশের বৃহৎ দুই রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর পল্টনে সমাবেশ করছে। সমাবেশগুলো হচ্ছে দুই দলের অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে।

এর মধ্যে শ্রমিক দলের সমাবেশ হচ্ছে নয়াপল্টনে ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ হচ্ছে পুরনো পল্টনে।

ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে মহান মে দিবসের কর্মসূচি পালন প্রস্তুতি নিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে আসছিলেন নেতাকর্মীরা। দুপুর ২টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারাও বক্তব্য দেবেন। সমাবেশে শ্রমিক দল তাদের ১২ দফা দাবি তুলে ধরবে।
 

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এই শ্রমিক সমাবেশ হলেও দীর্ঘদিন পর এটি বিএনপির মাঠের কর্মসূচি। দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার থাকা বিএনপি এই শ্রমিক সমাবেশের মধ্য দিয়েও দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দাবি জানাবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতে নির্দেশনামূলক বক্তব্য দেবেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.