প্রধান বিচারপতিকে সংবর্ধনা দিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদকে সংবর্ধনা দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বুধবার রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, এই সম্মাননা শুধু তার নয়, বরং বাংলাদেশের বিচার বিভাগের জন্যই একটি বড় অর্জন।

প্রধান বিচারপতি ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহিদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন করে বলেন, বিচার বিভাগের সংস্কার বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই প্রয়োজনীয়। এ সময় তিনি নিজের ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপের বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কার্যকারিতা বিচার বিভাগের মানোন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সময় তিনি সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় গঠনের প্রয়োজনীয়তা এবং বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠায় সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সঞ্চালনায় ছিলেন সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন।

সমাপনী বক্তব্যে ব্যারিস্টার খোকন বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় প্রধান বিচারপতির যেকোনো পদক্ষেপে আইনজীবী সমিতি তার পাশে রয়েছে।’

অনুষ্ঠানে প্রধান বিচারপতিকে সমিতির পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের বিচারপতি ন, সুপ্রিম কোর্টের আইনজীবী, রেজিস্ট্রার অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.