জরুরি ত্রাণসামগ্রী নিয়ে মিয়ানমার যাচ্ছে সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ওষুধ, ত্রাণসামগ্রী, উদ্ধার এবং মেডিক্যাল সহায়তা প্রদানের জন্য বিশেষ বিমানে রবিবার (৩০ মার্চ) মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল।

শনিবার (২৯ মার্চ) রাতে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারে শুক্রবার (২৮ মার্চ) সকালে অল্প সময়ের ব্যবধানে ৭ দশমিক ৭ এবং ৬ দশমিক ৪ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এই কম্পনের প্রভাবে মিয়ানমার একপাশে থাইল্যান্ড ও অন্যপাশে বাংলাদেশও তীব্র ঝাঁকুনি অনুভব করে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, রাজধানী শহর নাইপিডো থেকে ২৫০ কিলোমিটার দূরবর্তী সাগাইং শহরে ১৬ থেকে ১৮ কিলোমিটার ভূ-অভ্যন্তরে এই কম্পনের উৎপত্তি।

দেশটির জান্তা সরকার জানিয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত এক হাজার দুজন মানুষ প্রাণ হারিয়েছেন। ভূমিকম্পের পর শুক্রবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রাথমিকভাবে ১৪৪ জন মানুষের প্রাণহানির কথা জানিয়েছিল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.