বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।
মাহফুজ আলম বলেন, ‘ছাত্ররা ঘোষণা দিয়েছিলেন যে তারা একটি ঘোষণাপত্র দেবেন। কিন্তু সরকার যখন অনুভব করল যে বিষয়টি শুধু ছাত্রদের দিক থেকে গেলে সেটি বাংলাদেশের যে স্থিতিশীলতা এবং ঐক্যের জন্য ক্ষতিকর হতে পারে। ফলে সরকার দায়িত্ব নিয়েছে যে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি ঘোষণাপত্র তৈরি করা হবে।
তিনি বলেন, ‘আমরা আশা করছি সরকার গণ-অভ্যুত্থানের যত পক্ষ আছে সবার সঙ্গে কথা বলে আগামী সপ্তাহে এই ঘোষণাপত্রের বিষয়ে এবং কবে এই ঘোষণাপত্র প্রকাশ হবে, সরকার সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত জানাবে।’ আগামী সপ্তাহ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করা হবে বলেও তিনি জানান।
উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনগুলোর রিপোর্ট এলেই সংস্কারকাজ শুরু হবে। সবাইকে ঐকমত্যে পৌঁছানো দরকার।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, প্রশাসক দিয়ে সেবা পৌঁছানো কঠিন। জনগণ নাগরিক সেবা পাচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচন হলে সেবা পৌঁছানো সহজ হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনসংক্রান্ত সংস্কারগুলো করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার পরই স্পষ্ট হবে, কবে নির্বাচনের তারিখ।

