রাখাইন রাজ্য থেকে আবারো ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

মিয়ানমারের অভ্যন্তরীণ সঙ্ঘাতের জেরে দেশটির রাখাইন রাজ্য থেকে আবারো ভেসে আসছে বিস্ফোরণের শব্দ। এতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন গ্রামের বাসিন্দাদের মাঝে। গত মঙ্গলবার রাত থেকে এসব এলাকায় আবারো থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে।

গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। তবে আজ বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১০টা পর্যন্ত বিস্ফোরণের কোনো শব্দ শোনা যায়নি।

এলাকাবাসী জানান, মিয়ানমার রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের কাদিরবিল, মংনিপাড়া ও সুদাপাড়া গ্রামে মুহুর্মুহু মর্টারশেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিকট শব্দ হচ্ছে।

সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নুর হোসেন বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের বিপরীতে টেকনাফের সাবরাং এলাকা। ওপার থেকে আসা বিস্ফোরণের শব্দে এলাকার লোকজন শান্তিতে ঘুমাতে পারছে না। ঘর-বাড়ি কিছুক্ষণ পরপর কেঁপে উঠছে। বিকট শব্দের কারণে শিশু ও বয়স্করা খুবই আতঙ্কে রয়েছে।

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, মঙ্গলবার রাত থেকে আবার মিয়ানমারে বিস্ফোরণ শুরু হওয়ায় টেকনাফের নাইট্যংপাড়া, চৌধুরীপাড়া, জালিয়াপাড়া, কায়ুকখালীয়াপাড়া, পল্লানপাড়া, কুলারপাড়া, খানকার ডেইলসহ কয়েকটি এলাকায় মানুষ আতঙ্কে রয়েছে। মুহুর্মুহু বিস্ফোরণে এসব এলাকার ঘরবাড়ি কেঁপে উঠছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, গত ৫ জুন থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপের ১০ হাজার মানুষ বিপাকে রয়েছে। এদিকে উত্তাল সাগরের ঢেউ পাড়ি দিয়ে বিকল্প পথে নৌযান চলাচল সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আদনান চৌধুরী বলেন, ঈদের দিন সীমান্ত এলাকা কিছুটা শান্ত থাকলেও মঙ্গলবার রাত থেকে থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো: মহিউদ্দিন আহমেদ বলেন, সীমান্ত অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল অব্যাহত রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.