মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টকে বহনকারী প্লেন নিখোঁজ

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমাকে বহনকারী সামরিক প্লেন ৯ আরোহীসহ নিখোঁজ হয়েছে। সোমবার (১০ জুন) এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্লেনটি খুঁজে বের করতে অনুসন্ধান ও অভিযান চালাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার সকালে সাওলোস চিলিমাসহ ৯ যাত্রী নিয়ে রাজধানী লিলংওয়ে ছেড়ে যায় মালাউই প্রতিরক্ষা বাহিনীর একটি প্লেন। এর কিছুক্ষণ পরেই সেটি রাডারের বাইরে চলে যায়। প্লেনটির স্থানীয় সময় সকাল ১০টার দিকে মালাউইয়ের উত্তরে মজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল।

 

ভাইস-প্রেসিডেন্ট সাওলোস চিলিমা তিন দিন আগে মারা যাওয়া সাবেক ক্যাবিনেট মন্ত্রী রালফ কাসাম্বারার অন্তেষ্টিক্রিয়ায় সরকারি প্রতিনিধি হিসেবে যোগ দিতে যাচ্ছিলেন।

সোমবার গভীর রাতে দেওয়া এক বক্তব্যে দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা বলেন, ভাইস প্রেসিডেন্টকে বহনকারী প্লেন নিখোঁজ হওয়ার ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। সেনাবাহিনী এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছেন। প্লেনটি না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।

 

এদিকে, এ ঘটনায় বাহামাস সফর বাতিল করেন প্রেসিডেন্ট চাকভেরা। সোমবার সন্ধ্যায় ওই সফরের জন্য যাত্রা করার কথা ছিল তার।

এদিকে, প্লেনটির নিখোঁজ হওয়ার কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন দেশটির সেনা কমান্ডার জেনারেল ভ্যালেন্টিনো ফিরি। মালাউইয়ের তথ্যমন্ত্রী মোসেস কুনকুয়ু বিবিসিকে জানিয়েছেন, প্লেনটি খুঁজে বের করার প্রচেষ্টা “নিবিড়” ভাবে চলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.