১৫ মাসের বেশি সময় পর জামিনে মুক্তি পেলেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব। আজ শুক্রবার দুপুর ৩টার দিকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। যুবদল নেতা আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ কারাফটকে সাইফুল আলম নীরবকে ফুল দিয়ে বরণ করে নেন বিপুল সংখ্যক নেতাকর্মী।
গত বছরের ৪ মার্চ সাইফুল আলম নিরবকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে ৪৫৪টি মামলা আছে। এর মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৭ মামলায় তার ১৭ বছরের সাজা দিয়েছেন আদালত। এ সব মামলায় জামিন পাওয়ার পর গত ২০ মার্চ জেলগেট থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ২০২২ সালের পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায়ও জামিন পেলে গত ২১ এপ্রিল জেলগেটে তাকে আবার গ্রেপ্তার করে ২০২১ সালের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলাতেও গত ৫ জুন জামিন পান নিরব। কিন্তু গত সোমবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার পর তৃতীয় দফা আটক করে ২০২২ সালে মতিঝিল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় আজ জামিন পেয়েছেন নিরব।
দলীয় সূত্রে জানা যায়, সকল মামলায় জামিন হওয়ায় সাইফুল আলম নিরবকে জামিনে মুক্ত হয়েছেন।

