রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালের ১৪ বছরের কারাদণ্ড

প্লট বরাদ্দে অনিয়মের দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ মো. আব্দুস সালাম এ রায় ঘোষণা করেছেন।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন-রাজউকের সাবেক সদস্য (উন্নয়ন) এস, ডি, ফয়েজ, সাবেক সদস্য (পরিকল্পনা) এ কে এম ওয়াহেদুল ইসলাম, সাবেক সদস্য (অর্থ) এস, এম, জাফর উল্লাহ, সাবেক সদস্য (প্রশাসন ও ভূমি) এইচ, এম, জহুরুল হক, সাবেক সদস্য (এস্টেট) মো. রেজাউল করিম তরফদার এবং প্লটের বরাদ্দপ্রাপ্ত শওকত আজিজ ও আশফাক আজিজ।

এ মামলার দুদকের প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন বলেন, রায়ে আদালত অপরাধমূলক অসদাচরণের অপরাধে আট আসামির ৭ বছর করে সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা করে অর্থদণ্ড করেছেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

অন্যদিকে রায়ে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অপরাধে আসামিদের ৭ বছর করে সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা অর্থদণ্ড করেছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

জামিনে থাকা আসামিরা রায় ঘোষণার সময় তারা অনুপস্থিত ছিলেন। তাই আদালত আসামিদের জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, আসামি ইকবাল উদ্দিন চৌধুরী, এস.ডি, ফয়েজ, এ,কে,এম ওয়াহিদুল ইসলাম, এস, এম জাফর উল্লাহ, এইচ, এম জহিরুল হক ও রেজাউল করিম তরফদার ২০০১ সালের ২৩ অগাস্ট থেকে ২০১৪ সালের ২৩ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বৈধ আবেদনকারীদের সুযোগ না দিয়ে আসামি আসফাক আজিজ রুবেল ও শওকত আজিজ রাসেলকে লাভবান করার মানসে অথবা নিজেরা লাভবান হয়ে রাজউক অনুমোদিত ১০ কাঠার দুইটি প্লট বরাদ্দ দেয়।

এ ঘটনায় দুদকের তৎকালীন উপপরিচালক সিলভিয়া ফেরদৌস ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারী মতিঝিল থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে ৮ জনকে অভিযুক্ত করে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের তৎকালীন উপপরিচালক মির্জা জাহিদুল আলম।

২০১৯ সালের ২৬ অগাস্ট আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।মামলার বিচার চলাকালে আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহণ করে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.