রামগতির জন্য সরকারের বরাদ্দকৃত জলবায়ু ফান্ডের টাকা কোথায় যায়, কোথায় খরচ হয়? রামগতিতে হেলিপ্যাড ছিল, ব্রিটিশ আমলে স্টিমার ঘাট ছিল সেটি এখন কোথায়? ইলিশ মাছ, মহিষের দধি, হেলন ডাল, মরিচ, সয়াবিন, নারকেল, সুপারি আমরা উৎপাদন করি- আমরা এসব আগে খাব তারপর সারা দেশ। এসবের সমবণ্টন চাই। কেউ খাবে, কেউ খাবে না- তা হবে না। আসুন শপথ করি রামগতি-কমলনগরে কোনো অশিক্ষিত মানুষ থাকবে না, বিনা চিকিৎসায় কোনো মানুষ মারা যাবে না।
শুক্রবার সকালে উপজেলার আ স ম রব সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী ও স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলক আ স ম আবদুর বর এসব কথা বলেন।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য মো. আবদুল্যাহ আল মামুন।
কলেজের সাবেক শিক্ষার্থী নুর উদ্দিন রোকসারের সভাপতিত্বে ও আবদুল্যাহ আল নোমান এবং মো. দিদার হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সহ-সভাপতি মিসেস তানিয়া রব, রামগতি পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ, সহ-সভাপতি ড. আশরাফ আলী চৌধুরী সারু, আ স ম আবদুর রব সরকারি কলেজ অধ্যক্ষ আশরাফ উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মেজবাহ উদ্দিন (ভিপি হেলাল), আবু নাসের, শোয়াইব হোসেন খন্দকার, লোকমান হোসেন বাবলু, কামাল উদ্দিন, খন্দকার দিদার হোসেন, মাসুদ সুমন, হাসান মোরশেদসহ বেশ কয়েকজন শিক্ষার্থী প্রমুখ।
অনুষ্ঠানে ১৯৭০ সাল থেকে ২০২৩ ব্যাচের প্রায় সহস্রাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় ক্লোজআপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী নোলক বাবুর নেতৃত্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।
উদ্বোধনী বক্তব্যে (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্যাহ আল মামুন আয়োজকদের উদ্দেশ্যে বলেন, রামগতি-কমলনগরের সন্তান হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নে অবদান রাখতে চাই। রব ভাইয়েরা আগে এসব এলাকার জন্য কাজ করেছেন, আমিও সে পথে অবদান রাখতে চাই।

