সিরাজগঞ্জের শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে উড়ে গেছে যাত্রীবাহী একটি বাসের ছাদ। এ ঘটনায় এক বাসযাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসযাত্রীর নাম আল শামীম। তার বাড়ি পাবনার সুজানগর উপজেলার মধুপুর গ্রামে।
হাটিকুমরুল হাইওয়ে থানার পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, সোমবার ভোরে পাবনা থেকে ঢাকাগামী সি লাইনের একটি দ্রুতগামী বাস বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দি এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার পাশে থাকা গাছে গিয়ে ধাক্কা লাগে।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আল শামীমের মৃত্যু হয়। এছাড়া আহত অপর ৭ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

