কাজিপুরে তৈরি কম্বলে শীত নিবারণ হচ্ছে সারাদেশের অসংখ্য শীতার্ত মানুষের

  • ব্যস্ত সময় পার করছেন কাজিপুর উপজেলার ঝুট পল্লীখ্যাত শিমুলদাইড় ও তার আশপাশের পনের গ্রামের চল্লিশ হাজার কারিগর। দিনরাত তাদের বিশ্বস্ত হাতে তৈরি হচ্ছে শীতের ওম কম্বল। সেপ্টেম্বর থেকে তাদের এই ব্যস্ততা শুরু হয়েছে। চলবে মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে এসব শ্রমিকদের শ্রমে ঘামে তৈরি কম্বলে দেশের প্রায় ৬০ টি জেলার লক্ষ লক্ষ মানুষ শীতে খুঁজে নেবে ওম। আর কম্বলের প্রতিটি সেলাই সফলতার পথে এগিয়ে যাবার অনুপ্রেরণা যোগায় এসব স্বল্পশিক্ষিত শ্রমিকদের। কম্বল বিক্রির অর্থ এসব শ্রমিকদের ভাগ্যের চাকাকে নিয়ে যাচ্ছে সফলতার শিখরে। প্রতিদিন নতুন নতুন স্বপ্ন বাস্তব হয়ে ধরা দিচ্ছে শ্রমিকদের পরিশ্রমী জীবনে। এই শিল্পের কারণে যমুনাপাড়ের লক্ষাধিক মানুষের ভিক্ষার হাত কর্মের হাতে পরিণত হয়েছে।

 

সোমবার সরেজমিন ঝুটপল্লীর রাজধানীখ্যাত শিমুলদাইড় বাজারে গিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে সফলতার পথে তাদের এগিয়ে যাবার নতুন নতুন গল্প। যমুনা শিকস্তি কাজিপুরের মানুষ সব সময় ভাঙা গড়ার নিরন্তর সংগ্রামে রত। এরই মধ্যে বর্ষা-বন্যাসহ অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় আর চাষযোগ্য জমি হারানোর ফলে শিক্ষিত-অর্ধশিক্ষিত বেকার মানুষের জীবন চালানো খুবই মুশকিল। বিকল্প উপার্জনের পথ বাছতেই আশির দশকে বড়শীভাঙ্গার ছাইদুল হক চলে যান ঢাকার মিরপুরে। ঝুটকাপড় কিনে এনে তা সেলাই করে তৈরি করেন কম্বল। সাইকেলের পেছনে তুলে বিক্রি শুরু হয় গ্রামে গ্রামে। হাতে আসে অনেক টাকা। বদলাতে থাকে ছাইদুলের জীবন। এমনি করেই শুরু হয় ঝুট কম্বলের পথ চলা। সেই সময়ের ঝুট কম্বল শিল্প এখন বাঁক বদল করে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। শুধু ঝুট থেকে জোড়া দেয়া কম্বলের পথ মাড়িয়ে এখন মানসম্মত ও দামী কম্বলও তৈরি হচ্ছে। দেড়শ টাকা থেকে শুরু করে ছয় হাজার আটশ টাকার কম্বল তৈরি করছেন এখানকার ব্যবসায়ীরা। দেশের গন্ডি ছাপিয়ে এখন বাইরের দেশ থেকে আসছে কম্বলের কাঁচামাল। ঝুট কম্বল শিল্পের ব্যবসায়ীদের সংগঠনের সভাপতি চল্লিশ বছরের যুবক শরিফ সোহেল। শিক্ষিত এবং স্বপ্নবাজ এই ব্যবসায়ীর হাত ধরে চীন থেকে আসছে এই শিল্পের কাঁচামাল। শরিফ সোহেল জানান, আগে শুধু ঝুট এনে জোড়া দিয়ে কম্বল তৈরি করা হতো। এখন সময়ের সাথে বদলেছে চাহিদা এবং ব্যবসার ধরন। সরাসরি চায়না থেকে নানাপ্রকার কম্বলের কাঁচামাল আমদানী করছি আমরা। এতে করে প্রকারভেদে ৪৫০ টাকা থেকে ৬ ছাজার আটশ টাকার কম্বল তৈরি হচ্ছে। সেইসাথে কমফোর্ট কম্বল ১ হাজার চারশ থেকে ৩ হাজার তিনশ টাকা, চাদর একশ চল্লিশ টাকা থেকে দুইশ আশি টাকায় আমরা পাইকারী বিক্রি করছি। এছাড়া স্থানীয় কম্বল পাওয়া যাচ্ছে মাত্র আশি টাকা থেকে ছয়শ টাকার মধ্যে।

 

 

কম্বলের পাশাপাশি তৈরি হচ্ছে শিশুদের শীতের পোশাক। বিক্রি হচ্ছে প্রতি সেট মাত্র চৌদ্দ টাকা থেকে তিনশ পঞ্চাশ টাকার মধ্যে। সব মিলে প্রায় ৯০ প্রকার কম্বল এই পল্লীতে তৈরি হচ্ছে। ঝুট ব্যবসায়ী আবু তালেব জানান, প্রতি বছর সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত উত্তরবঙ্গের সবগুলো জেলাসহ পূর্ব, দক্ষিন ও দক্ষিন পশ্চিমবঙ্গসহ প্রায় ৬০ টি জেলাতে এখানকার তৈরি কম্বলের গাড়ি পৌঁছে যায়। শিমুলদাইড় বাজার থেকে দিনে গড়ে ১৫ থেকে ২০ টি বড় ট্রাক দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। প্রতিদিন গড়ে বিক্রি হয় পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকার কম্বল। ঝুট ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, আমাদের নিজস্ব পূঁজিতে না কুলাতে পেরে স্থানীয়ভাবে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিতে হয়। যদিও কাজিপুরে কর্মসংস্থান ব্যাংক রয়েছে। কিন্তু তারা তিন লক্ষ টাকার বেশি ঋণ দেয়না। ফলে আমরা সেখান থেকে কোন সহায়তা পাইনা। যদি সরকারিভাবে এই ঋণের পরিমাণ বাড়ানো হতো তাহলে আমাদের উপকার হতো। আরেক ব্যবসায়ী হাজী জিন্নাহ জানান, বর্তমানে এই শিল্পে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া হাজারখানেক শিক্ষার্থী কাজ করছে। পড়ালেখার ফাঁকে ফাঁকে তারা দৈনিক তিনশ থেকে হাজার পর্যন্ত উপার্জন করছে। ফলে তাদের সংসার থেকে পড়ালেখার খরচ নিতে হয়না। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার জানান, গত তিন বছর যাবৎ আমরা দেশের বিভিন্ন জেলা উপজেলায় চিঠি দিয়ে এখানকার কম্বল কেনার জন্যে অনুরোধ করছি। এতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। সরকারিভাবে অনেক কম্বল এখান থেকে ক্রয় করা হচ্ছে।

নাবিউর রহমান (চয়ন), শুদ্ধস্বর ডটকমের      কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.