সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকার দুই প্রবেশমুখে সমাবেশ শুরু করেছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং উত্তরার আবদুল্লাহপুর পলওয়ে মার্কেটসংলগ্ন মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে এ সমাবেশে শুরু হয়।
জুমার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দুই সমাবেস্থলে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। সরকারের পদত্যাগ ও খালেদা জিয়া মুক্তিসহ চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি সম্বলিত নানা ব্যানার-পোস্টার-প্লোকার্ড হাতে নিয়ে মিছিলসহকারে সমাবেশস্থলে সমবেত হন তারা।
উত্তরার সমাবেশে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যাত্রাবাড়ীর সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রধান অতিথি ও ড. আবদুল মঈন খান বিশেষ অতিথি।

