সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা এবং তার দুই শ্যালককে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

আজ রোববার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে শায়লা ফারজানাকে। একই মামলায় তার দুই ভাইকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।’

এদিন ভোরে সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানাকে মিরপুর ডিওএইচএস এবং তার দুই ভাই রেজাউল আলম শাহীন ও বুলবুল মিয়া মামুনকে মিরপুর ১৫ নম্বরের বিজয় রাকিন সিটি থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সপ্তদশ বিসিএসের মাধ্যমে প্রশাসনে যোগ দেওয়া শায়লা ফারজানার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে বলে জানান ডিএমপির ডিবি প্রধান শফিকুল।

দুর্নীতির তদন্ত চলার মধ্যে গত ১৫ অক্টোবর সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, তার স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানাসহ চারজনের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে তাদের নামে ১৯ কোটি ৫৩ লাখ ৭২ হাজার ৩১৯ টাকা রয়েছে।

আরও যাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে, তারা হলেন-মনিরুলের শ্যালক ব্যবসায়ী রেজাউল আলম শাহীন ও তার স্ত্রী সানজিদা খান টুম্পা।

পঞ্চদশ বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ দেওয়া মনিরুল ইসলাম ২০০৯ সালে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনারের (গোয়েন্দা) দায়িত্বে আসেন। তার হাত ধরে ২০১৬ সালে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) যাত্রা করে। এরপর ২০২১ সালের মার্চে এসবি প্রধানের দায়িত্বে আসেন মনিরুল।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১৩ অগাস্ট তাকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়। পরে ওইদিন আরেক আদেশে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

সেদিনই একদল কর্মকর্তাদের তোপের মুখে দপ্তর ছাড়তে বাধ্য হয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শায়লা ফারজানা। ওই কর্মকর্তারা তাকে কক্ষে আটকে রাখলে ঊর্ধ্বতনরা পুলিশ পাহারায় তাকে বাসায় পাঠিয়ে দেন। ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি শায়লার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়, সেদিনই তাকে ‘জনস্বার্থে’ বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.