গয়েশ্বরের হাতে পুলিশের দেওয়া সেই লাল ব্যাগ, মুখ খুললেন মেয়ে অর্পণা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় গত শনিবার অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের পিটুনিতে আহত হন। পরে তাকে ডিবি অফিসে নিয়ে মধ্যাহ্নভোজ করানো হয়।

এ বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছে। পরে গয়েশ্বর বাবু ডিবি অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় হাতে একটি লাল ব্যাগ ছিল। সেটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে যে, মধ্যাহ্নভোজের পর বাসার জন্য সোনারগাঁও হোটেলের খাবারের একটি প্যাকেট নিয়ে যাচ্ছেন গয়েশ্বর রায়। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনাও হয়।

তবে এবার সেই ব্যাগের ভেতরে আসলেই কি খাবারের প্যাকেট ছিল, না অন্য কিছু ছিল, সে বিষয়ে মুখ খুলেছেন তারই মেয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রান্তিক ও জনশক্তি উন্নয়নবিষয়ক সহসম্পাদক অর্পণা রায়।
বুধবার বিকালে এক সমাবেশে এ বিষয় নিয়ে কথা বলেন গয়েশ্বরকন্যা।

 

অর্পণা রায় বলেন, আমরা দেখেছি গয়েশ্বর রায়কে হেনস্তা করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য দিয়ে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। গুঞ্জন রটিয়েছে যে, গয়েশ্বর রায় ডিবি অফিসে মধ্যাহ্নভোজের পর বাসার জন্য সোনারগাঁও হোটেলের একটা খাবার প্যাকেট নিয়ে গেছেন। এগুলো ভুল তথ্য। কারণ আমি সেখানে ছিলাম। গাড়িতে ওঠার পরে আমার হাতেই ছিল সেই প্যাকেটটি।

আমার বাবার পেসার লো থাকায় হাসপাতালের চিকিৎসার পর ডাক্তার কিছু স্যালাইন ও ওষুধ দিয়েছিল। সেই ব্যাগেই ছিল ওষুধগুলো। তিনি প্রশ্ন রাখেন যে, সোনারগাঁও হোটেলের প্যাকেট কখনো এমন থাকে না। আপনারা একটু চিন্তা করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

গত ২৯ জুলাই নির্যাতনের প্রসঙ্গ টেনে গয়েশ্বরকন্যা বলেন, আমার বাবা গয়েশ্বর রায়কে সেদিন যেভাবে মাটিতে ফেলে নির্যাতন করা হয়েছে, তা ’৭১-এর বর্বরতাকে হার মানিয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.