তারেক-জুবাইদার রায়কে ‘ফরমায়েশি’ বলল ১২ দলীয় জোট

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দেওয়া রায়কে ‘ফরমায়েশি’ উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ১২ দলীয় জোটের নেতারা।

নেতারা বলেন, ‘দেশের মানুষ আজকে আবারো দেখল- এই ফ্যাসিস্ট সরকার বিচার বিভাগকে কুক্ষিগত করে প্রতিপক্ষকে ঘায়েল করার নির্লজ্জ খেলায় মেতে উঠেছে।’

তারা বলেন, তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে মাত্র ১৬ দিনে ৪২ জনের সাক্ষ্য গ্রহণ করে এ মামলার রায় প্রকাশ করা হয়েছে। মামলার রায়ে এটাই প্রমাণিত হয় যে- বিচারের নামে ক্যামেরা ট্রায়াল চালানো হয়েছে।

 

তারা আরও বলেন, ‘দুর্নীতি দমন কমিশন (দুদক) শুধু সরকারের আজ্ঞাবহ কমিশনই নয়, বিরোধীদল দমন কমিশনে পরিণত হয়েছে। সর্বক্ষেত্রে আজকে বিচারের নামে প্রহসন প্রত্যক্ষ করছি। এর আগেও খালেদা জিয়াকে  ফরমায়েশি সাজা দিয়ে নজিরবিহীনভাবে উচ্চ আদালতে সেই সাজা বৃদ্ধি করা হয়েছে। বিএনপিসহ বিরোধীদলের অসংখ্য নেতাকর্মীকে ফরমায়েশি সাজা দেওয়ার মাধ্যমে আগামী নির্বাচন থেকে দুরে রাখার একটি অপচেষ্টা করছে এই সরকার।’

বিবৃতিতে সই করেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম (বীর প্রতীক), বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়াতে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের (বি এম এল) চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ন্যাপ ভাসানির চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, জাস্টিস পার্টির চেয়ারম্যান ডক্টর জাবেদ মো. সালেহউদ্দিন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.