ডুবোজাহাজের অনুসন্ধান অব্যাহত, সমুদ্রের নিচে শোনা গেছে শব্দ

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পাঁচ পর্যটকসহ আটলান্টিক মহাসাগরে নিখোঁজ ডুবোজাহাজ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে বেশ কয়েকটি বিমান। সেগুলোর মধ্যে কানাডিয়ান একটি বিমান সমুদ্রের নিচে ‘শক্তিশালী শব্দ’ শনাক্ত করেছে।

মার্কিন কোস্ট গার্ডের বরাতে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গতকাল মঙ্গলবার (২০ জুন) কানাডিয়ান পি-৩ বিমান এ শব্দ শনাক্তের পরপর সেখানে ব্যাপক অভিযান শুরু করেন উদ্ধারকারীরা। তবে সে সময় ‘ইতিবাচক’ কোনো কিছু পাওয়া যায়নি এবং উদ্ধারকারীরা খালি হাতেই ফিরেছে বলে এক টুইটে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।

তবে শনাক্ত করা শব্দের প্রকৃতি বা ব্যাপ্তি, বা কীভাবে সে শব্দ পাওয়া গেলো তার বিস্তারিত বিবরণ দেয়নি মার্কিন কোস্টগার্ড।

এর আগে মার্কিন কোস্টগার্ড জানিয়েছিল, টাইটান নামে ওই যানটির পানির নিচে থাকার জন্য আর মাত্র ৩০ ঘণ্টার অক্সিজেন আছে।একটি সাবমেরিন ও সনার যন্ত্রের সাহায্যেই পানির নিচে ডুবে যাওয়া যানটি খোঁজা হচ্ছে। আর ওপরিভাগে এটা ভেসে উঠেছে কিনা তা দেখতে বিমান দিয়ে চালানো হচ্ছে তল্লাশি।

ট্যুর ফার্ম ‘ওশানগেট’ জানিয়েছে, ডুবোযানে থাকা পাঁচজনকে উদ্ধারের জন্য সব বিকল্প পথ অনুসন্ধান করা হচ্ছে। ডুবোযানটি ‘ওশানগেট’ কম্পানির ‘টাইটান সাবমার্সিবল’ বলে জানা গেছে। ডুবোযানটিতে রয়েছেন, ব্রিটিশ-পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ এবং তার ছেলে সুলেমান দাউদ, ব্রিটিশ ব্যবসায়ী ও অভিযাত্রী হামিশ হার্ডিং।

গত রোববার সমুদ্রের গভীরে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে আটলান্টিকের নিচে যায় এই ডুবোজাহাজটি । এর কিছুক্ষণ পরই জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সমুদ্রের উপরে থাকা অন্য জাহাজের। এরপর থেকেই ডুবোজাহাজটিকে খুঁজে বের করতে শুরু হয় উদ্ধার অভিযান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.