নৌকা ছাড়া অন্য প্রার্থীদের এজেন্ট নেই অনেক কেন্দ্রে

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে ভোট দিচ্ছেন ভোটাররা। একাধিক ভোট কেন্দ্র ঘুরে নৌকার এজেন্ট ছাড়া অন্য মেয়র প্রার্থীদের এজেন্ট পাওয়া যায়নি।

২৮ নম্বর ওয়ার্ডের প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অন্য মেয়র প্রার্থীদের কোনও এজেন্ট দেখা যায়নি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল কেন্দ্রেও নৌকা ছাড়া অন্য মেয়র প্রার্থীদের এজেন্ট পাওয়া যায়নি।

নির্বাচনে চারজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত এএইচএম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুরশিদ আলম ফারুকী (হাতপাখা) ও জাকের পার্টির লতিফ আনোয়ার (গোলাপ ফুল)। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন বয়কট করায় কার্যত তিন জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

২৮ নম্বর ওয়ার্ডের প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের নির্বাচন কর্মকর্তা রতন কুমার রায় বলেন, গোলাপ ফুল ও লাঙ্গলের কোনও এজেন্ট এখনও আসেননি।

রাজশাহী সিটিতে ভোটার রয়েছেন ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন এবং নারী ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন, হিজড়া ৬ জন। ভোটকেন্দ্র ১৫৫টি এবং ভোটকক্ষ ১ হাজার ১৫৩টি।

মেয়র পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা); জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল); ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম (হাতপাখা) এবং জাকের পার্টির মো. লতিফ আনোয়ার (গোলাপ ফুল)। এ ছাড়া ১০টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৬ জন এবং ৩০টি সাধারণ কাউন্সিলর পদে ১১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.