চলতে শুরু করল স্বপ্নের মেট্রোরেল। দেশ প্রবেশ করল আধুনিক গণপরিবহন ব্যবস্থায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার বেলা ১টা ৪০ মিনিটে ট্রেন ছাড়ার নির্দেশনামূলক সবুজ পতাকা উড়ান। সঙ্গে সঙ্গে রাজধানীর দিয়াবাড়ী স্টেশন থেকে ছেড়ে যায় মেট্রোরেল। আর এর মাধ্যমে আনুষ্ঠানিক চলা শুরু করে মেট্রোরেল।
এর আগে দুপুর পৌনে দুইটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মেট্রোরেলের ছবি সম্বলিত স্মারক ডাকটিকিট ও ৫০ টাকার স্মারক নোট উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ফিতা কেটে মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে টিকিট কেটে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে ওঠেন তিনি।
এ সময় দুই শতাধিক যাত্রী হিসেবে তার সঙ্গী হন। প্রথম যাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গী হন বীর মুক্তিযোদ্ধা, স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থী, মসজিদের ইমাম, পোশাককর্মী, রিকশা চালক, সবজি বিক্রেতা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, ব্যবসায়ী আর সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

