স্বপ্নের মেট্রোরেলের ফলক উন্মোচনের মাধ্যমে আধুনিক যোগাযোগের নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ। বুধবার বেলা ১১টায় রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরের মাঠে মেট্রোরেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে সুধী সমাবেশ শেষে টিকিট কেটে প্রধানমন্ত্রী প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে উঠবেন। এ সময় দুই শতাধিক ব্যক্তি যাত্রী হিসেবে তার সঙ্গী হবেন।
প্রথম যাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা, স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থী, মসজিদের ইমাম, পোশাককর্মী, রিকশা চালক, সবজি বিক্রেতা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, ব্যবসায়ী আর সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
উদ্বোধন উপলক্ষে উত্তরার ১৫ নম্বর সেক্টরের মাঠে আয়োজিত সুধী সমাবেশ থেকে এ তথ্য জানানো হয়েছে। উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) বিভিন্ন সম্প্রচার মাধ্যম।
মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে সকাল থেকে উত্তরার দিয়াবাড়িতে ঢল নেমেছে মানুষের। উদ্বোধনী আয়োজন ও সুধী সমাবেশ ঘিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ব্যানার, ফেস্টুন নিয়ে হাজির হয়েছেন উত্তরা ১৫ নম্বর সেক্টরে। সেখানে উপস্থিত হয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

