রুশ হামলায় অন্ধকারে ডুবে গেল ইউক্রেনের অন্যতম বর্ধিষ্ণু বন্দর শহর ওডেসা। ইউক্রেনের দক্ষিণ প্রান্তের এই শহরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ড্রোন হামলা চালায় রাশিয়া। তার পর থেকেই অন্ধকারে ডুবে গিয়েছে ১৫ লক্ষ মানুষের আবাসস্থল ওডেসা শহর। প্রবল ঠান্ডায় কাঁপছেন লক্ষ লক্ষ মানুষ। নেই জল গরম করার সামান্য সুবিধাটুকুও। শনিবার, একটি ভিডিয়ো বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি জানিয়েছেন, রুশ বাহিনী কামিকেজ ড্রোন ব্যবহার করে শহরের বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে। তার ফলে কৃষ্ণসাগরের তীরে ওডেসা ডুবে গিয়েছে অন্ধকারে।
জনসংখ্যার দিক থেকে ইউক্রেনের তৃতীয় বৃহত্তম নগরী ওডেসায় অন্তত ১৫ লক্ষ মানুষের বাস। এই বন্দর শহরে রয়েছে হরেক সংস্থার দফতরও। সেখানেই ইরানে তৈরি ড্রোন হামলা চালায় রাশিয়া। পশ্চিমের সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, এই মুহূর্তে মস্কোর সবচেয়ে বড় পরামর্শদাতা এবং সাহায্যকারী তেহরান। সমরাস্ত্র দিয়েও একে অপরকে সাহায্য চলছে।

