মেট্রোরেলের ভাড়া বেশি নয় : ওবায়দুল কাদের

‘অন্যান্য দেশের বিবেচনায় ঢাকার মেট্রোরেলের ভাড়া বেশি নয়’ মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এখন রিকশায় উঠলেই ২০ টাকা ভাড়া দিতে হয়। সে বিবেচনায় মেট্রোর ভাড়া বেশি নয়।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, টেকনোলজির দিক থেকে আমাদের মেট্রোরেল অনেক উন্নত। মেট্রোরেলে শব্দদূষণ হতে পারে- এমন আশঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মানববন্ধনও করেছে। প্রধানমন্ত্রী শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন, আমিও কথা বলেছি। তাদের জানিয়েছি, উন্নত প্রযুক্তির কারণে আমাদের মেট্রোরেলে কোনো শব্দ হবে না। তাই শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।

তিনি আরও বলেন, ঢাকার মেট্রোরেল আর অন্যান্য দেশের মেট্রোরেল এক নয়। মালয়েশিয়া ও থাইল্যান্ডের চেয়ে ভাড়া বেশি না। সময়ও অনেক বাঁচবে। মতিঝিল থেকে ৩৮ মিনিটে উত্তরা যাওয়া যাবে।

এ সরকারের মেয়াদেই আগামী বছর মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করার আশা পুনর্ব্যক্ত করেন মন্ত্রী। তিনি বলেন, ঢাকায় মেট্রোরেল নতুন এসেছে। মানুষকে অভ্যস্ত করতে হবে। এগুলো বাঁকা চোখে দেখার সুযোগ নেই। সেখানে সব অভিজ্ঞ ব্যক্তিরা বসে আছেন। এটা কলকাতার মেট্রো না, এটা অনেক আধুনিক প্রযুক্তি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.