কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

 

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের বগিতে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বগিটিতে আগুন দিয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ওই বগিতে কে বা কারা আগুন দিয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।

 

সরেজমিনে দেখা যায়, প্ল্যাটফর্মে থাকা অন্যান্য বগির পাশে আগুনে পুড়তে থাকা বগিটি দাউদাউ করে জ্বলছে। চারপাশ ধোঁয়ায় ছেয়ে গেছে। এতে স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন পাশের বগিতেও ছড়িয়ে পড়ছে বলে দেখা যায়।

 

খবর পেয়ে জিআরপি থানা পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছেন।

উল্লেখ্য, এর আগে গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন অংশে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনায় কেউ আহত বা নিহত হননি বলে জানিয়েছিল পুলিশ।

 

ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের পাশে অল্প সময়ের ব্যবধানে দুটি বিস্ফোরণ ঘটে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.