বহুল প্রত্যাশিত স্বপ্নের মেট্রোরেল গতকাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন। আজ সকাল ৮টা থেকে সাধারণ যাত্রীদের যাতায়াতের জন্য খুলে দেয়া হয়েছে। তবে প্রথম দিনেই বিপত্তি ঘটেছে আগারগাঁও ও উত্তরা স্টেশনে। আগারগাঁওয়ে সকাল থেকেই বিকল হয়ে পড়েছে ছয়টির মধ্যে পাঁচটি টিকিট বিক্রয় মেশিন (ভেন্ডিং মেশিন)। কর্তৃপক্ষ এখন ৪টি ম্যানুয়াল বুথ ও ১টি স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন থেকে পাস দিচ্ছে, যে কারণে এখনো আগারগাঁওয়ে যাত্রীদের দীর্ঘ লাইন রয়েছে।
ওদিকে উত্তরা স্টেশনেও বিকল হয়ে পড়ে তিনটি টিকিট বিক্রয় মেশিন। এতে সেখানেও ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ম্যানুয়াল পদ্ধতিতে টিকিট কাটেন তারা।
মেট্রোরেলের আগারগাঁও স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, ৫০০-১০০০ টাকার নোট দেয়ার কারণেই সাময়িক বিকল হয়ে যাচ্ছে মেট্রোরেলের টিকিট ভেন্ডিং মেশিন। তবে ভেন্ডিং মেশিন যাতে বড় নোট (৫০০-১০০০) গ্রহণ করতে পারে সে জন্য কাজ করছে মেট্রোরেলের ভেন্ডিং মেশিন সংশ্লিষ্ট ইঞ্জিনিয়াররা।
আগারগাঁও মেট্রোরেল স্টেশনের ভেন্ডিং মেশিনের কারিগরি দায়িত্বে থাকা খায়রুল ইসলাম মানবজমিনকে জানান, ৬০ ও ১০০ টাকার টিকিট কাটার জন্য ভেন্ডিং মেশিন প্রস্তুত করা হয়েছে। তবে ৫০০-১০০০ টাকার বড় নোট দেওয়ার কারণে মেশিন সাময়িকভাবে কাজ বন্ধ করে দিচ্ছে। এই সমস্যা নিরসনে আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করছেন।

