১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯২৩ সালের ২২ ফেব্রুয়ারি। তখন বাংলার তৎকালীন গভর্নর এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর লর্ড লিটন সমাবর্তন ভাষণ দেন। এরপর ১৯২৪ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত প্রতি বছরই সমাবর্তন অনুষ্ঠিত হয়। পাকিস্তান আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯৪৮ সালের ২৪ মার্চ। সেই সমাবর্তনে কার্জন হলে মুহাম্মদ আলি জিন্নাহ একমাত্র উর্দুকে রাষ্ট্রভাষা করার দাবি জানালে সমাবর্তন স্থলেই প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। ১৯৪৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত ১৫ বার সমাবর্তন হয়। স্বাধীনতার পর প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট। বিশ্ববিদ্যালয়ের আচার্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রপতি হিসেবে সমাবর্তন উদ্বোধন করার কথা ছিল। কিন্তু সেদিন ভোরে ঘটে যায় নৃশংসতম হত্যাকা-, ১৫ আগস্ট ট্র্যাজেডির ফলে তখন সমাবর্তন স্থগিত করা হয়। ২৯ বছর পর স্বাধীন বংলাদেশে প্রথম সমাবর্তন (৪০তম) অনুষ্ঠিত হয় ১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর। সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ববিদ্যালয় ৫২তম সমাবর্তন। মহামারী করোনাভাইরাসের কারণে গত তিন বছর অনুষ্ঠিত হয়নি সমাবর্তন।

