খুলনার দৌলতপুরের বণিকপাড়া থেকে নিখোঁজ রহিমা খাতুনের (৫৫) লাশ পেয়েছেন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার মেয়ে মরিয়ম মান্নান। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে মরিয়ম মান্নান ফেসবুক পোস্টে বিষয়টি জানান।
এরপর আজ শুক্রবার সকালে লাশ শনাক্ত করতে ময়মনসিংহ যাবার কথা ফেসবুকে লেখেন তিনি। তিনি লেখেন- ময়মনসিংহ, ফুলপুর যাচ্ছি। আমার হতভাগিনী মা’য়ের পঁচা গলা লাশ অফিসিয়ালি বুঝে নিতে। আমার সাংবাদিক ভাইবোন এবং আমার বন্ধু, আমার শুভাকাঙ্খীদের সাথে কথা বলবো এবং প্রশাসনিক সকলের সকল প্রশ্নের উত্তর আমি দিবো আমার মায়ের লাশ অফিসিয়ালি আমার হাতে পাওয়ার পরে। কিভাবে আমার মায়ের লাশ আমি খুঁজে পেলাম সেই গল্পও আপনাদের শুনাবো, একটু সময় আমাকে দয়া করে দিন।
তিনি আরও লেখেন- আমার মায়ের চুল, আমার মায়ের কপাল, আমার মায়ের হাত আমি চিনবো নাতো কে চিনবে!
এরপর আরও একটি পোস্ট করেন তিনি। যাতে লেখেন- যারা যারা বলেছিলেন আমার মা আত্মগোপন করেছেন তারা সবাই নাক ঢাকার জন্য ব্যবস্থা করুন কারন আমার মার পঁচা গলা আর পোকায় খাওয়া লাশটা নিয়ে আমি আপনাদের কাছে সবার আগে যাবো!
এরআগে গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে একটি পোস্ট দেন তিনি তিনি। তাতে লেখেন- আমার মায়ের লাশ পেয়েছি আমি এই মাত্র। এর ঘণ্টাখানেক পর আরেক পোস্টে লেখেন- আর কারও কাছে যাবো না। কাউকে আর বলবো না আমার মা কোথায়।

