জি এম কাদের কীভাবে রাজনীতি করেন, দেখে নেব: রাঙ্গা

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়ার পর দলীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে হুমকি দিয়ে মশিউর রহমান রাঙ্গা বলেন, জি এম কাদের কীভাবে রাজনীতি করেন তা দেখে নেব।

আজ বুধবার মশিউর রহমান রাঙ্গা জি এম কাদেরকে এই হুমকি দেন।

তিনি বলেন, ‘আমাকে দল থেকে অব্যাহতি দিয়ে জি এম কাদের কীভাবে রংপুরে রাজনীতি করেন, আমিও তা দেখে নেব। আমি সংসদের বিরোধীদলীয় চিপ হুইপ। আমাকে রওশন এরশাদ হুইপ বানিয়েছেন, তিনি (জি এম কাদের) চাইলেও আমার এই পদ খাইতে পারবেন না। আমি দেখে নেব, উনি কীভাবে রাজনীতি করেন।’

রাঙ্গা বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদও জি এম কাদেরকে অনেকবার বহিষ্কার করেছিলেন। এখন তিনি কথায় কথায় অন্যদেরকে বহিষ্কার করেন। এবার এটার শেষ দেখে নেব। এরশাদ সাহেবের মৃত্যুর পর দলের নবম কাউন্সিলে জি এম কাদের চেয়ারম্যান আর আমি মহাসচিব নির্বাচিত হয়েছিলাম। কিন্তু তিনি আমাকে মহাসচিব পদ থেকে সরিয়ে দিয়েছিলেন।’

এর আগে আজ বুধবার জাপার প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয় মশিউর রহমান রাঙ্গাকে।

দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। এরই মধ্যে এই আদেশ কার্যকর হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.