গোতাবায়াকে নিতে মালদ্বীপে পৌঁছেছে প্রাইভেট জেট

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার পরিবারের সদস্যদের সিঙ্গাপুরে নিয়ে যেতে একটি প্রাইভেট বিমান মালদ্বীপের রাজধানী মালেতে অবতরণ করেছে। আশা করা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে মালদ্বীপ ত্যাগ করবেন তারা।

বৃহস্পতিবার (১৪ জুলাই) ডেইলি মিরর এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

এর আগে বুধবার রাতে গোতাবায়া রাজাপাকসে, তার স্ত্রী লোমা রাজাপাকসে এবং তাদের দুই নিরাপত্তা রক্ষী সিঙ্গাপুরগামী একটি বিমানে ওঠেন। কিন্তু সে সময় নিরাপত্তার কথা বিবেচনা করে বিমানটি থেকে তাদের নামিয়ে নেয় কর্তৃপক্ষ।

ডেইলি মিরর জানায়, বৃহস্পতিবার সকালে প্রাইভেট বিমানটি মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেয়।

২ কোটি ২০ লাখ জনসংখ্যার দ্বীপ রাষ্ট্রটি ১৯৪৮ যুক্তরাজ্য থেকে স্বাধীনতার লাভের পর সবচেয়ে কষ্টদায়ক অর্থনৈতিক দুরবস্থায় পড়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। একই সঙ্গে দ্রব্যমূল্য ব্যাপকভাবে বেড়ে গেছে। এছাড়া বিদ্যুতের ঘাটতি চরমে পৌঁছেছে। বিদেশি মুদ্রার অভাবে শ্রীলঙ্কা বিদেশ থেকে গুরুত্বপূর্ণ পণ্য আমদানি করতে পারছে না। দাম পরিশোধ করতে না পারায় জীবন রক্ষাকারী ওষুধ থেকে শুরু করে সিমেন্ট পর্যন্ত সব গুরুত্বপূর্ণ পণ্যের ভয়াবহ সঙ্কট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কায় গোতাবায়া রাজাপাকসের গঠন করা সরকার পতনের আন্দোলন শুরু হয়। আন্দোলন সহিংসতার পর্যায়ে পৌঁছালে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

কিন্তু আন্দোলনকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে থাকেন। এরই মধ্যে শনিবার (৯ জুলাই) আন্দোলনকারীরা প্রেসিডেন্টে ও প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা চালায়। আন্দোলনকারীদের কাছ থেকে বাঁচতে সে সময় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে প্রেসিডেন্ট বাসভবন থেকে পালিয়ে নৌবাহিনীর একটি ঘাঁটিতে আশ্রয় নেন। সেখান থেকে মঙ্গলবার (১২ জুলাই) রাতে শ্রীলঙ্কার একটি সামরিক বিমানে পরিবার নিয়ে মালদ্বীপে পালিয়ে যান তিনি। বর্তমানে শ্রীলঙ্কার এ প্রেসিডেন্ট মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে যাওয়ার চেষ্টা করছেন।

সূত্র: ডেইলি মিরর

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.