শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম চার দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর চিরবিদায় নিয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর৷

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার বড় ভাই কামাল আহমেদ বাচ্চু।

‎আজ শুক্রবার শ্রদ্ধা নিবেদন, জানাজার পর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের কবরে আমীরুল ইসলামকে সমাহিত করা হবে।

আমীরুল ইসলাম চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন৷

কয়েকদিন আগে আমিরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত রোববার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম ১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন। শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।

‎এ ছাড়া সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার (১৯৮৪), নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার (২০০৩), পদক্ষেপ সাহিত্য পুরস্কার (২০০৫), ছোটদের পত্রিকা পুরস্কার (২০০৭), ছোটদের মেলা পুরস্কার (২০০৯-১০), জাতীয় ছড়া উৎসব সম্মাননা (২০১১), শামসুর রাহমান সাহিত্য পুরস্কার (২০১১) এবং অন্নদাশঙ্কর সাহিত্য পুরস্কার (২০১২)সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি।

আমীরুল ইসলামের প্রকাশিত বইয়ের সংখ্যা দুই শতাধিক। শিশুদের জন্য গল্প, ছড়া ও নানা ধরনের সৃজনশীল লেখা লিখেছেন তিনি। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গেও যুক্ত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.