হারের শঙ্কা টাইগারদের, ২৭ রানে নেই ৩ উইকেট

সিরিজের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার দেয়া ৪১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৭ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ফলে চতুর্থ দিনে বিশাল হারের শঙ্কা দেখা দিয়েছে টাইগারদের সামনে।

রবিবার পোর্ট এলিজাবেথ টেস্টে তৃতীয় দিনের শেষ বিকেলে নেমে ৯.১ ওভারে ২৭ রান তুলতেই শীর্ষ ৩ ব্যাটারকে হারিয়ে বসে টাইগাররা। জিততে হলে করতে হবে আরও ৩৮৬ রান।

এর আগে বাংলাদেশকে ফলোঅনে না ফেলে ম্যাচে দ্বিতীয়বারের মতো ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলতেই ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। ফলে তাদের লিড দাঁড়ায় ৪১২ রানের।

বিশাল লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারেই ওপেনার মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় বাংলাদেশ। প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজের বল তার ব্যাটের কানায় লেগে মুলডারের হাতে জমা হয়।

প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকানো এই ওপেনার দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে শূন্য রানে বিদায় নিলেন। একই বোলারের পরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন নাজমুল হোসেন শান্ত (৭)। যদিও রিভিও নিয়েছিলেন তিনি। কিন্তু ফলাফল তার পক্ষে আসেনি।

দলীয় ১১ রানে ২ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানো তো দূরের কথা। তামিম বিদায় নিলেন ১৩ রান করেই। হার্মারের বলে মুলডারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

চতুর্থ দিনে হার্মার-মহারাজকে সামলে রান তাড়া করা কঠিন এক পরীক্ষাই হবে বাংলাদেশের জন্য। উইকেটে ৫ রান নিয়ে আছেন অধিনায়ক মুমিনুল হক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.