দেশের ১৭ কোটি মানুষই বিরোধী দল : মান্না

দেশের ১৭ কোটি মানুষই বিরোধী দল দাবি করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, পুলিশ গুলি করবে না-এমন নিশ্চয়তা পেলে এই সরকারকে বিদায় করতে ১৭ কোটি মানুষই আন্দোলনে নামবে। সরকারকে বিদায় করেই তারা ঘরে ফিরবে।

‘দেশে শক্তিশালী বিরোধী দল নেই’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আজ মঙ্গলবার বিকালে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

পুরানা পল্টনের ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের ভাইস চেয়ারম্যান ডা. মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং মহাসচিব হুমায়ুন কবির বেপারীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির আব্দুল হাই শিকদার, জাগপার রাশেদ প্রধান, তাঁতি দলের ড. কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের রবিউল ইসলাম রবি, জাসাসের ডা. আরিফুর রহমান মোল্লা, শাহবাগ বিএনপির রাইসুল ইসলাম চন্দন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ।

মান্না বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন-দেশে শক্তিশালী বিরোধী দল নেই’। অথচ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল জনগণের ন্যায্য দাবি নিয়ে রাজপথে আন্দোলন করছে, কর্মসূচি পালন করছে। কিছুদিন আগে বিএনপির স্বাধীনতা র‌্যালিতে রেকর্ড সংখ্যক লোক হয়েছে। হাজার হাজার নেতাকর্মী নিয়ে প্রেস ক্লাবের সামনে তারা সমাবেশে করেছে। অথচ প্রধানমন্ত্রী শক্তিশালী বিরোধী দল খুঁজে পাচ্ছেন না। প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি একবার বলুন-গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছি। তারপর আপনি ঘরের মধ্যে বসেই দেখতে পাবেন দেশে বিরোধী দল আছে কিনা। সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ উল্লেখ করে তাদের বিদায় করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নাগরিক ঐক্যের এই সভাপতি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.