খালেদ নৈপুণ্যে ৩৬৭ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

ডারবান টেস্ট সিরিজের প্রথম ইনিংসে সৈয়দ খালেদ আহমেদের নৈপুণ্যে ৩৬৭ রানে অলআউট হলো দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েই বাংলাদেশের পেসারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন খালেদ। নতুন বলে দারুণ লাইন লেন্থে বোলিং করে চার উইকেট তুলে নেন তিনি।

তিনটি উইকেট পেয়েছেন মেহেদী মিরাজ। আর দুটি উইকেট পান এবাদত হোসেন।

দ্বিতীয় সেশনেই অলআউট হয় প্রোটিয়ারা। দ্বিতীয় দিনের শুরুতেই প্রোটিয়া শিবিরে জোড়া আঘাত হানেন খালেদ আহমেদ। আগের দিনের অপরাজিত ব্যাটার কাইল ভেরেইনকে দিনের পঞ্চম ওভারে আউট করেন তিনি। খালেদের ফুল লেংথ ডেলিভারির লাইন মিস করে এলবিডব্লিউ হন ভেরেইন। তার ব্যাট থেকে আসে ২৮। পরের বলেই মালডারকে স্লিপে মাহমুদুল জয়ের ক্যাচে পরিণত করেন খালেদ। মালডার রানের খাতা খোলার সুযোগ পাননি।

তবে তৃতীয় বল নতুন আসা ব্যাটার কেশভ মহারাজ খেলার চেষ্টাই করেননি। ফলে হ্যাটট্রিক হয়নি খালেদের। ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে সাউথ আফ্রিকাকে ব্যাকফুটে ঠেলে দেন এই পেইসার।

খালেদের জোড়া আঘাতের পর উইকেট আগলে ধরে দলকে এগিয়ে নেয়ার মিশনে নামেন বাভুমা ও মহারাজ। কিন্তু সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতে তাকে ফিরতে হয় মিরাজের শিকার বনে। পরের ওভারের প্রথম বলেই এবাদত সাজঘরের পথ দেখিয়ে দেন মহারাজকেও। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ১৯ রান।

এরপর টাইগার বোলারদের দেখেশুনে খেলতে থাকেন সাইমন হার্মার ও লিজাড উইলিয়ামস। খেলতে থাকেন মাটি কামড়ানো শট। সেই সঙ্গে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে। দলকে পার করান ৩৫০ রানের কোঠা। শেষ পর্যন্ত ৩৬৭ রানেই থেমে যায় প্রোটিয়াদের ইনিংসের চাকা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.