সিরিজ জিতেই দেশে ফিরলেন সাকিব

পরিবারের সদস‌্যদের অসুস্থতার কারণে দক্ষিণ আফ্রিকা থেকে আসি আসি করেও আসেননি সাকিব আল হাসান। থেকে যান সিরিজের তৃতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিতের জন্য। থেকে গিয়ে সাকিবের লক্ষ্য পূরণ হয়েছে, সিরিজ জিতেই ইতিহাস সৃষ্টি করে তবে দেশের বিমান ধরেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে সাকিবকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির অফিসিয়াল ওয়াসিম খান।

আগামী ৩১ মার্চ থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সাকিব টেস্ট দলে থাকলেও পরিবারের সদস‌্যদের সুস্থতার উপর নির্ভর করছে খেলা না খেলা। সুস্থ হলে প্রথম টেস্টের আগেই আবার ফিরে যাবেন। না হয় দ্বিতীয় টেস্টের আগে যাবেন।

উল্লেখ্য, সাকিবের মা, ছেলে, মেজ মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গত রোববার। মেজ মেয়ে ইরাম হাসান ও একমাত্র ছেলে আইযাহ আল হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

বড় মেয়ে আলাইনা আল হাসানও ঠাণ্ডা জ্বরে ভুগছে। তাকে আলাদা রাখা হয়েছে। এছাড়া সাকিবের শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.