‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক রাতেই দেশের উদ্দেশে রওনা দেবেন

ইউক্রেনে রুশ হামলার শিকার আটকেপড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র উদ্ধার হওয়া ২৮ নাবিক রোমানিয়া থেকে রাতে দেশের উদ্দেশে রওনা হবেন।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) উপমহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান।

তিনি বলেন, উদ্ধার হওয়া নাবিকরা বুধবার (৯ মার্চ) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। তবে হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ সুবিধাজনক সময়ে দেশে আনা হবে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা করে রাশিয়া। যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি। বুধবার (২ মার্চ) রাতে জাহাজটি রুশ হামলার শিকার হয়। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান (৩৩) নিহত হন।

পরে ইউক্রেনের ওলভিয়া বন্দরে আটকেপড়া বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তারা ইউক্রেন থেকে মালদোভা সীমান্ত পার হয়ে রোমানিয়া প্রবেশ করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.