রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. রফিকুল ইসলাম নিয়ম বহির্ভূতভাবে ১১ লাখ ৪৬১ টাকা নেওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আবার তা ফেরত দিয়েছেন।
জানা গেছে, প্রেষণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা গ্রহণের নিয়ম রয়েছে। কিন্তু অধ্যক্ষ রফিকুল ইসলাম ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে বেতন-ভাতা বাবদ নিয়ম বহির্ভূতভাবে ১১ লাখ ৬৪১ টাকা নিয়েছিলেন।অনিয়ম করে বেতন-ভাতা গ্রহণের বিষয়টি জানাজানি হওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারিতে গৃহীত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিতে নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।
চিঠিতে টাকা নির্দিষ্ট কোড অনুসারে সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে বলা হয়। এরপর এই টাকা সরকারি কোষাগারে জমা দেন অধ্যক্ষ রফিকুল ইসলাম।
এ বিষয়ে অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ২০২১ সালের ডিসেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ের চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিস থেকে জানানো হয় যে, প্রেষণে কর্মরত থাকায় সংশ্লিষ্ট কলেজ থেকেই বেতন-ভাতা নিতে হবে। সে হিসেবে গত বছরের নভেম্বর থেকে লালমাটিয়া কলেজ থেকেই বেতন নিচ্ছি। এরপর আমার আবেদনের প্রেক্ষিতেই শিক্ষা মন্ত্রণালয় গৃহীত বেতন-ভাতা ফেরতের নির্দেশনা দেয়।

