উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ জন্য পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস।
এদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানানো হয়।
এদিকে উপকূল জুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। বৃষ্টির কারণে কুয়াকাটায় আগত পর্যটকরা সৈকতে নামতে পারেননি। বেশিরভাগ পর্যটকরা হোটেলে সময় কাটিয়েছেন।
ভ্যানচালক সোহরাব মল্লিক বলেন, বৃষ্টি নামলে কেই ভ্যানে ওঠে না। সকালে ২০০ টাকা পাইছি। এরপর বৃষ্টি। আজ আর কোনো ইনকাম হলো না।
অটোরিকশা চালক জব্বার মিয়া বলেন, বিকেলে কোনো যাত্রী পাইনি। দিনভর অলস সময় কাটিয়েছি।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, গভীর সঞ্চালনশীল মেঘমালার ফলে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। এছাড়া উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

