আরও ১ সপ্তাহ বাড়তে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি 

করোনা পরিস্থিতিতে আরও এক সপ্তাহ বাড়তে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি।

বুধবার (২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছেন। এ পরিস্থিতিতে আরও এক সপ্তাহ ছুটি বাড়তে পারে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু সংক্রমণ এখন প্রায় ৩০ ভাগ। হয়তো ৬ তারিখের পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে। আমরা নিয়মিত অবস্থা পর্যালোচনা করছি। প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে।’

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে দুই সপ্তাহের জন্য বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। সশরীরে পাঠদান বন্ধ থাকবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগেও দীর্ঘ দেড় বছর বন্ধ ছিল সশরীরে পাঠদান। সবকিছু সচল রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

তবে এর মধ্যে ইঙ্গিত মিলেছে, চলমান এই ছুটি বাড়তে পারে এক থেকে দুই সপ্তাহ। তাছাড়া শিক্ষার্থীদের করোনার টিকা প্রদানের গতি বাড়াতে টিকা সপ্তাহ করারও কথা ভাবছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জানা যায়, করোনার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। পরিস্থিতি স্বাভাবিক না হলে পূর্বের বছরের মতো ধাপে ধাপে বাড়বে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। করোনার সংক্রমণ হারের এই ঊর্ধ্বগতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে নন তারা। তবে ক’দিন ধরে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল আছে। তবে এই অবস্থার উন্নতি না হলে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৭ থেকে ১৪ দিন বাড়তে পারে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.