কিডনি হাসপাতালে ডায়ালাইসিস বন্ধ, প্রতিবাদে সড়ক অবরোধ

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় কিডনি ইনস্টিটিউট এবং হাসপাতালে ডায়ালাইসিস সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন  রোগী ও তাদের স্বজনরা।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ডায়ালাইসিস নিতে আসা রোগীদের স্বজনরা বিক্ষোভ শুরু করে সড়ক অবরোধ করে।

হঠাৎ ডায়ালাইসিস বন্ধ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতালের কাছে টাকা বকেয়া আছে। সেই টাকা আদায়ের জন্য সেবা বন্ধ করে দিয়েছে ডায়ালাইসিস সেবাদানকারী বেসরকারি প্রতিষ্ঠান সেন্ডোর ডায়াবেটিস সার্ভিসেস।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৭ জানুয়ারি থেকে স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের মাধ্যমে সেন্ডোর ডায়াবেটিস সার্ভিসেস  রোগীদের ডায়ালাইসিস দিয়ে আসছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, সেন্ডোর ডায়াবেটিস সার্ভিসেস শুধু আমাদের হাসপাতালেই রোগীদের ডায়ালাইসিস করে না, সব হাসপাতালেই তারা ডায়ালাইসিস করে। আমাদের কাছে তাদের কিছু বিল বকেয়া আছে। সেটি প্রসেসিংয়ের মধ্যে আছে। টাকার জন্য তারা রোগীদের জিম্মি করে ডায়ালাইসিস সেন্টার তালা দিয়ে চলে গেছে। যে কারণে রোগীরা বিক্ষোভ করেন।

তিনি বলেন, সেন্ডোর ডায়াবেটিস সার্ভিসেস বলছে, টাকা না পেলে ডায়ালাইসিস সেন্টার খুলবে না। আমরা তাদের বলেছি, টাকাটা প্রসেসিংয়ে আছে। পেতে একটু দেরি হতে পারে। এজন্য সেবা বন্ধ করে দেওয়াটা অন্যায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.