জন্মদিনে অসুস্থ মায়ের চিকিৎসায় ব্যস্ত শুভ

সম্প্রতি মুম্বাই থেকে ঢাকায় ফিরেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। আর দেশে এসেই অন্যসব কাজ ফেলে ব্যস্ত হয়ে পড়েছেন অসুস্থ মাকে নিয়ে।

এদিকে, আজ বুধবার প্রথম প্রহর থেকেই জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়ক। কিন্তু বিশেষ এই দিনটি একেবারেই শুভ যাচ্ছে না তার। সময় কাটছে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য হাসপাতালে।

এ নিয়ে শুভ বলেন, ‘মুম্বাই থেকে এক সপ্তাহ হলো দেশে ফিরেছি। আম্মা অসুস্থ, উনার একটা অস্ত্রোপচার হতে চলেছে। সে কারণে আম্মাকে ডাক্তার দেখাতে সকাল থেকে ছুটছি।’

তিনি আরও জানান, জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই। তবে যারা তাকে ভালোবাসা জানিয়েছেন, সেসব ভালোবাসার মানুষদের ধন্যবাদ জানাতে একটি ভিডিওবার্তা প্রকাশ করবেন।

এদিকে, আরিফিন শুভর জন্মদিনের উপহার হিসেবে রায়হান রাফি পরিচালিত ‘নূর’ সিনেমার নতুন একটি পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.