জাপানি দুই শিশুকে সাড়ে ১১টায় হাজির করার নির্দেশ আপিল বিভাগের

জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে বেলা সাড়ে ১১টায় আপিল বিভাগে হাজির করতে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) সকালে জাপানি মায়ের আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

শিশুদের বাংলাদেশি বাবা ইমরান শরীফকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এর আগে আপিল বিভাগের আদেশ থাকা সত্ত্বেও দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে হস্তান্তর না করায় শিশুদের বাবা ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন জাপানি মা নাকানো এরিকো। আজ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।

এ বিষয়ে নাকানো এরিকোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছিলেন, আদালত অবমাননার বিষয়টি আপিল বিভাগে উপস্থাপন করা হবে।

এর আগে রোববার দুপুরে জাপানি দুই শিশু বাংলাদেশি বাবার কাছে থাকবেন উল্লেখ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা মায়ের আপিলের ওপর আংশিক শুনানি করেন। পরে আদালত দুই শিশুকে দুদিনের জন্য মায়ের রাখতে অন্তর্বর্তীকালীন আদেশ দেন। রোববার রাত ১০টার মধ্যে শিশু দুটিকে তাদের মায়ের হেফাজতে দিতে বাবার প্রতি নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে আগামী ১৫ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেন আদালত।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে জাপানি মায়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার আব্দুল কাইয়ুম। বাংলাদেশি বাবার পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার কাজী মারুফুল আলম।

গতকাল রাত ১০টার মধ্যে দুই শিশুকে মায়ের জিম্মায় দিতে আপিল বিভাগের নির্দেশনা ছিল।

আইনজীবী শিশির মনির বলেন, শিশুদের আনতে গেলেও তাদের মায়ের জিম্মায় দেওয়া হয়নি। এ কারণে আমরা আদালত অবমাননার আবেদন করেছি।

গত ৫ ডিসেম্বর দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিজের জিম্মায় নিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জাপানি মা নাকানো এরিকো। এর আগে, ২১ নভেম্বর জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দেন হাইকোর্ট।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.