বিপিএল শেষ হওয়া পরদিনই বাংলাদেশে পা রাখবে আফগানিস্তান ক্রিকেট দল। খসড়া সূচি অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি হবে বিপিএল ফাইনাল। ১৯ ফেব্রুয়ারি তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান।
বিপিএলে সবচেয়ে বেশি ম্যাচ আয়োজন করা হবে মিরপুর শের-ই-বাংলায়। বিপিএলের অন্য দুই ভেন্যু সিলেট ও চট্টগ্রাম। তবে সেখানের উইকেটগুলো পর্যাপ্ত বিশ্রাম পাবে। এজন্য আফগানিস্তান সিরিজ চট্টগ্রাম ও সিলেটে আয়োজন করা হবে।
দুই বোর্ডের এমওইউ অনুযায়ী, চট্টগ্রামে হবে তিনটি ওয়ানডে এবং সিলেটে দুটি টি-টোয়েন্টি। ২৩, ২৫ ও ২৭ ফেব্রুয়ারি হবে তিন ওয়ানডে। ২ ও ৪ মার্চ হবে দুটি টি-টোয়েন্টি। প্রতিটি ম্যাচ দিবারাত্রির।
এদিকে সতেজ উইকেটে খেলার প্রত্যাশাতেই মিরপুরের বাইরে সিরিজ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। মিরপুরের উইকেটে রান উৎসব হবে না। বেশিসংখ্যক ম্যাচ আয়োজন করায় উইকেট বিশ্রামও পাবে না। পাশাপাশি এখানে রান তুলতে ব্যাটসম্যানরা যে সংগ্রাম করেন। সেজন্য চট্টগ্রাম ও সিলেটের সতেজ উইকেটে ম্যাচ আয়োজনের চিন্তা ভাবনা আয়োজকদের।
এদিকে বিপিএল ও হোম সিরিজগুলোকে সামনে রেখে স্টেডিয়ামের গ্যালারিগুলো সংস্কার করা হচ্ছে। চট্টগ্রামের গ্যালারিতে এরই মধ্যে নতুন চেয়ার বসেছে। মিরপুরেও আজ কাজ শুরু হয়েছে। সামনে সিলেটেও কাজ হবে।
প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘যেখানে অগ্রাধিকার ছিল কাঠামোর কিছু উন্নতি করা, সে ধারাবাহিকতায় আমরা কিছু কাজ ইতোমধ্যে শুরু করেছি। আমরা ইভেন্ট অনুসারে, যেসব মাঠে আসন্ন ইভেন্টগুলো হবে সেগুলোকে অগ্রাধিকার দিয়ে নূন্যতম শর্তগুলো আপগ্রেড করা কিংবা উন্নত করার পরিকল্পনা হাতে নিয়েছি। তারই অংশ নিয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের নষ্ট হওয়া চেয়ারগুলো নতুন করে বসানোর চেষ্টা করছি।’

