পোল্যান্ডের ক্রাকোয় ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশের গুলিতে আহত সন্দেহভাজন বন্দুকধারী হাসপাতালে মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) ভোরে তার মৃত্যু হয়। এদিকে, হামলার পর তার পারিবারিক বাসস্থান থেকে বাবা, মা ও বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সব মিলিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে।
শনিবার বিকেলে ক্রাকোর ঐতিহাসিক প্রধান চত্বরে (মেইন মার্কেট স্কয়ার) এলোপাতাড়ি গুলি চালান ২৪ বছর বয়সী ওই ব্যক্তি। এতে চার নারী ও দুই পুরুষ নিহত হন। তাদের মধ্যে একজন ব্রিটিশ এবং একজন অস্ট্রীয় নাগরিক ছিলেন। আহত হন আরও ১৫ জন। হামলাকারীকে থামাতে গিয়ে দুই পুলিশ সদস্যও আহত হন। খবর রয়টার্সের।
পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। হামলার সময় তিনি সামরিক পোশাক ও বুলেটপ্রুফ জ্যাকেট পরেছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের পারিবারিক বাড়ি থেকে তার ৫৩ বছর বয়সী বাবা, ৫২ বছর বয়সী মা এবং ২১ বছর বয়সী বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরেও গুলির ক্ষত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ক্রাকোর হামলার আগে ওই তিনজনকেও হত্যা করেন তিনি। তবে মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হচ্ছে।
পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়েরভিনস্কি বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি উগ্র ডানপন্থী ও উগ্র জাতীয়তাবাদী মতাদর্শে আকৃষ্ট ছিলেন। তবে তার হামলার উদ্দেশ্য এবং কোনো উগ্রবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ ছিল কি না, তা তদন্ত করছে কর্তৃপক্ষ। এ ঘটনায় পোল্যান্ডে দুই দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

