শেখ হাসিনাকে নিজ দেশের ফেরার জন্য এ বার ভারত সরকারের কাছে লিখিত আবেদন করার ‘পরামর্শ’ দিল বাংলাদেশ। সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর (মুখ্য সরকারি আইনজীবী) আমিনুল ইসলামের দাবি, আইনত হাসিনা বাংলাদেশ সরকারের কাছ থেকে পাসপোর্ট পেতে পারেন না। মৃত্যুদণ্ডজ্ঞাপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট দেওয়া যায় না বলেই দাবি তাঁর।
ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান হাসিনা। পাসপোর্টের জন্যও আবেদন করেন। কিন্তু সেই আবেদন ইতিমধ্যে খারিজ করে দিয়েছে বাংলাদেশ। সে প্রসঙ্গে মঙ্গলবার ঢাকার ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর বলেন, “যদি সত্যিকারের অর্থে আসতে চান, একটা পরিষ্কার উপদেশ— শেখ হাসিনা ভারত সরকারের কাছে লিখিত আবেদন করুন। ভারত সরকারের কাছে লিখিত ভাবে বলুন যে এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) চুক্তির আওতায় তাঁকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয়। এটিই হবে শেখ হাসিনার জন্য সঠিক পন্থা।”
আইনগত দিক থেকে কেন বাংলাদেশ সরকার হাসিনাকে পাসপোর্ট দিতে পারে না, সে ব্যাখ্যাও দেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, আইন অনুযায়ী কোনও সাজাপ্রাপ্ত আসামি পাসপোর্ট পাবেন না। সাজা পাওয়ার পাঁচ বছরের মধ্যে কোনও আসামি পাসপোর্টের আবেদন করলে এবং তিনি যদি দু’বছর বা তার বেশি মেয়াদের সাজা পান— তবে তাঁকে পাসপোর্ট দেওয়া যায় না।
আইনি ব্যবস্থার কথা উল্লেখ করে তাঁর বক্তব্য, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। তিনি ‘মানবতাবিরোধী অপরাধে’ দোষী সাব্যস্ত। “তিনি দণ্ডিত। পাসপোর্ট কর্তৃপক্ষের কোনও এক্তিয়ার নেই কোনও দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার,” বলেন চিফ প্রসিকিউটর। তাঁর সংযোজন, “বাংলাদেশ সরকার একজন মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত আসামিকে কী ভাবে পাসপোর্ট দেবে!”

