জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার রাজ্য পার্লামেন্টের স্পিকার ইলসে আইগনার-কে মনোনয়ন দিতে যাচ্ছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। নির্বাচনে জয়ী হলে তিনি হবেন ইউরোপের প্রভাবশালী এই দেশের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট।
রোববার রাতে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) নেতাদের সঙ্গে এক নৈশভোজে চ্যান্সেলর মের্জ এই সিদ্ধান্তের কথা জানান। আইগনার জার্মানির বাভারিয়ান রাজ্যভিত্তিক দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) জ্যেষ্ঠ সদস্য। সোমবার সিডিইউ ও সিএসইউ-এর যৌথ বৈঠকে তাঁর মনোনয়ন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
জোটের সমর্থন ও নির্বাচনের দিনক্ষণ ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) ইতিমধ্যেই প্রেসিডেন্ট পদে আইগনারের প্রতি তাদের পূর্ণ সমর্থন প্রকাশ করেছে।
জার্মানিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন বিশেষ নির্বাচনী সংস্থা ‘ফেডারেল কনভেনশন’-এর মাধ্যমে, যেখানে ফেডারেল পার্লামেন্টের সদস্য এবং রাজ্যগুলোর প্রতিনিধিরা ভোট দেন। আগামী ৩০ জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চলতি বছরের শুরুতে সিএসইউ প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ইলসে আইগনারের নাম প্রস্তাব করেছিল। তবে চ্যান্সেলর মের্জ শুরুতে অন্য কাউকে প্রার্থী হিসেবে বিবেচনা করায় সিডিইউ কিছুটা বিলম্ব করে। এতে দুই মিত্র দলের মধ্যে কিছুটা রাজনৈতিক টানাপোড়েন তৈরি হলেও শেষ পর্যন্ত আইগনারকেই যৌথ প্রার্থী হিসেবে বেছে নেওয়া হলো।
জার্মানির বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার ২০১৭ সাল থেকে দায়িত্ব পালন করছেন। পাঁচ বছর করে দুই মেয়াদ শেষে ২০২৭ সালের মার্চে তাঁর মেয়াদ শেষ হবে।
উল্লেখ্য, জার্মানিতে প্রেসিডেন্টের ভূমিকা মূলত অলঙ্কারিক ও সাংবিধানিক। তিনি আইন অনুমোদন করেন, মন্ত্রীদের আনুষ্ঠানিক নিয়োগ দেন এবং রাজনৈতিক দলের ঊর্ধ্বে থেকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে কাজ করেন।
স্থানীয় রাজনীতির মাধ্যমে কর্মজীবন শুরু করা ইলসে আইগনার ১৯৯৮ সালে প্রথম জার্মানির ফেডারেল পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মেয়াদে তিনি কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে বাভারিয়ায় ফিরে এসে রাজ্য পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

