ফ্রান্সে শত শত সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা

ফ্রান্সের শত শত সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারে সাইবার হামলার জন্য ইরানকে দায়ী করেছে দেশটির সরকার। এ হামলায় বিপুল পরিমাণ তাজা ও হিমায়িত খাবার নষ্ট হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক মিলিয়ন ইউরো বলে ধারণা করা হচ্ছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই সাইবার হামলা চালিয়েছে। তার ভাষায়, হামলাটি ব্যাপকতা ও আগ্রাসনের মাত্রা—উভয় দিক থেকেই নজিরবিহীন।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তার দেশ।

গত মাসে চালানো এই সাইবার হামলায় ফ্রান্সের কয়েক শ সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া হয়। ফলে সংরক্ষিত তাজা খাবার ও হিমায়িত পণ্য নষ্ট হয়ে যায়। এতে কয়েক মিলিয়ন ইউরোর আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে গত সপ্তাহে ইউরোপের আরো সাতটি দেশের কয়েক ডজন সুপারমার্কেট একই ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এসব হামলাতেও দোকানগুলোর ফ্রিজ ও ফ্রিজারকে লক্ষ্যবস্তু করা হয়। তবে ফ্রান্সসহ বিভিন্ন দেশের এসব হামলার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফরাসি সরকারের অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

অন্যদিকে, সোমবার প্যারিসের সরকারি কৌঁসুলির দপ্তর জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গে সংশ্লিষ্ট একটি আক্রমণাত্মক সাইবার ইউনিটের প্রধানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে এই তদন্তের সঙ্গে সুপারমার্কেটগুলোতে হামলার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সূত্র: বিবিসি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.