শুধু ভালো নেই বিএনপি : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি।

তিনি বলেন, ‘বিএনপির বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত। দেশের মানুষ তাদের কথা ও কাজে আস্থা হারিয়ে ফেলেছে। ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি। খুন, সন্ত্রাস আর ষড়যন্ত্র বিএনপিরই মজ্জাগত দোষ।’

সোমবার সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির দ্বৈতনীতি বা দ্বিচারিতার রাজনীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় অন্যতম প্রধান বাধা। বিএনপি নেতারা একদিকে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দেয়, অন্যদিকে বলে স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি নেই।

সরকার এবং দেশের যে কোন ভালো কাজকে বিতর্কিত করাই বিএনপির কাজ উল্লেখ করে তিনি বলেন, তারা নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির মুখে আন্দোলনের কথা গত এক যুগের বেশি সময় ধরে মানুষ শুনে আসছে। কিন্তু আন্দোলন আর দেখে না জনগণ। তাদের আন্দোলন বানরের তৈলাক্ত বাঁশে উঠার অংকের মতই।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিএনপি নেতাদের উদ্দেশ বলেন, মরণঘাতী কর্মসূচি সরকার নয়, বিএনপিই পালন করছে। আগুন-সন্ত্রাসের মত মরণঘাতী কর্মসূচির জনক বিএনপি।

ভাস্কর্য নিয়ে হেফাজতি সন্ত্রাসের মূল কুশীলব ছিল বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশে সাম্প্রদায়িক অপশক্তিকে উসকানি ও পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপিই তাদেরকে পুনর্বাসন করেছে।

সাধারণ মানুষ আতঙ্কে নেই বরং সন্ত্রাসী, অনিয়মকারী, দুর্নীতিবাজ ও বিএনপির আশ্রয়-প্রশ্রয়দাতারা আতঙ্কে আছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা অপরাধীদের জন্য মায়াকান্না কাঁদে। দেশের মানুষ ভালো আছে, শুধু ভালো নেই বিএনপি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.