ভারতের টেলিভিশন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। ‘নাগিন’ খ্যাত এই অভিনেত্রী অনুরাগ তিওয়ারির সঙ্গে দীর্ঘ ৮ বছর ধরে চুটিয়ে প্রেম করছেন। প্রেমকে পরিণয়ে রূপ দেওয়ার জন্য অনেক দিন ধরেই নানা পরিকল্পনা করে আসছিলেন এই বাঙালি অভিনেত্রী। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় করোনাভাইরাস। এজন্য অনলাইনে বিয়ের পর্ব সারার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি। যদিও তা হয়নি।
অবশেষে প্রেমিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন সায়ন্তনী। আগামী ৫ ডিসেম্বর কলকাতায় এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। হবু বর অনুরাগের শহর জয়পুরে হবে তাদের রিসেপশন। খুব কাছের বন্ধু এবং দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তারা। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।
জমকালো অনুষ্ঠান নয়, ছিমছাম আয়োজনে বিয়ের পর্ব সারবেন সায়ন্তনী। তা জানিয়ে সংবাদমাধ্যমটিকে এ অভিনেত্রী বলেন—‘আমি সবসময়ই চেয়েছি ছোট্ট, সাধারণ, ছিমছাম বিয়ে। আসলে অনুরাগ আর আমার সম্পর্কের সফরটাও একই রকম। বিয়েটা চুটিয়ে উপভোগ করতে চাই, বিয়ের ওই চাপটা নিতে চাই না।’
বিয়ের খাবার তালিকায় আর কিছু থাকুক বা না থাকুক দুটো জিনিস অবশ্যই রাখবেন সায়ন্তনী। আর তা হচ্ছে—পান আর আইসক্রিম। এ অভিনেত্রীর ভাষায়—‘ছোট থেকেই বিয়ে বাড়ির এ দুটি পদই আমার সবচেয়ে পছন্দের। তাই নিজের বিয়েতেও সেটা জমিয়ে খেতে চাই।’
বর্তমানে ‘তেরা ইয়ার হু মেয়’ ধারাবাহিকে কাজ করছেন সায়ন্তনী। শুটিংয়ের ব্যস্ততার কারণে মাত্র এক সপ্তাহের ছুটি পেয়েছেন নায়িকা। বিয়েতে কেমন সাজবেন সায়ন্তনী? বাঙালি কন্যা বলে কথা! বিয়েতে লেহেঙ্গা নয় লাল বেনারসী পরবেন সায়ন্তনী। গত বছর মারা গেছেন তার দিদিমা, তার স্মৃতি আগলে বিয়ের অনুষ্ঠানে দিদিমার দেওয়া একটি শাড়ি পরবেন তিনি।
সায়ন্তনী ‘কুমকুম-এক পেয়ার সা বন্ধন’, ‘নাগিন’, ‘মহাভারত’, ‘ইতনা করো না মুঝে পেয়ার’-এর মতো টিভি সিরিয়ালে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন। ২০১২ সালে কালার্স টিভিতে প্রচারিত জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের ৬ষ্ঠ আসরে একজন প্রতিযোগী তিনি। এতে ১৮তম স্থান অধিকার করেছিলেন সায়ন্তনী। এছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লিডিং লেডি হিসেবে বেশ কিছু বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন সায়ন্তনী। এ তালিকায় রয়েছে—‘স্বপ্ন’, ‘রাজু আঙ্কেল’, ‘সংঘর্ষ’, ‘নায়ক’ প্রভৃতি।

