বছরের পর বছরেও সড়কের কাজ কেন শেষ হয় না, ব্যাখ্যা চায় সংসদীয় কমিটি

বিজ্ঞাপন

গোবিন্দগঞ্জ–মদনপুর–দিরাই–শাল্লা–জলসুখা–আজমিরিগঞ্জ–হবিগঞ্জ মহাসড়কের শাল্লা–জলসুখা অংশ নির্মাণে প্রকল্প নেওয়া হয় ২০১৯ সালের জুলাই মাসে। আগামী বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হবে। কিন্তু এখন পর্যন্ত এই প্রকল্পের আর্থিক ও ভৌত অগ্রগতি ৩ শতাংশ। ঢাকা–খুলনা মহাসড়কের দুটি অংশে ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেনসহ চার লেনে উন্নয়নের অসমাপ্ত কাজ শেষ করতে প্রকল্প নেওয়া হয় ২০১৮ সালে। ২০১৯ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা। পরে প্রকল্পের মেয়াদ চলতি বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু এখনো কাজ শেষ হয়নি। বেশির ভাগ প্রকল্পেই এমন চিত্র দেখা গেছে। এতে ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা। একজন সদস্য বলেন, অনেক ক্ষেত্রে হয়তো সময় বাড়লেও ব্যয় বাড়েনি। কিন্তু এতে যে জনদুর্ভোগ হচ্ছে, তা বিবেচনায় নিতে হবে। এরও একটি মূল্য আছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুস শহীদ প্রথম আলোকে বলেন, প্রকল্প কেন সময়মতো বাস্তবায়ন হয় না, বারবার কেন সময় বাড়ানোর প্রস্তাব করা হয়, প্রকল্পের আর্থিক ও ভৌত অগ্রগতি কীভাবে সমান হয়—এসব বিষয় কমিটি জানতে চেয়েছে।

কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তারা সন্তোষজনক জবাব দিতে পারেননি। তাঁরা প্রকল্পের মেয়াদ বাড়ানোর কারণ ও অনিয়ম নিয়ে আগামী এক মাসের মধ্যে একটি প্রতিবেদন দিতে বলেছেন।

সভাপতি বলেন, কমিটি কর্মকর্তাদের অশ্রাব্য ভাষায় কিছু বলেনি। কমিটি বলেছে, তাঁরা (কর্মকর্তারা) মেধা কাজে লাগিয়ে তামাশা করছেন।

কমিটির সভাপতি আবদুস শহীদের সভাপতিত্বে কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ইউসুফ আবদুল্লাহ হারুন, এ বি তাজুল ইসলাম, আহসান আদেলুর রহমান, ওয়াসিকা আয়শা খান ও খাদিজাতুল আনোয়ার অংশ নেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.