শুক্রবারের নমাজের পরেই সরকার গঠনের পথে তালিবান!

 কাবুল  দখলে চলে এসেছে গত মাসেই। কিন্তু এখনও সরকার গঠন হয়নি আফগানিস্তানে। নতুন সরকার গঠনের আগেই তালিবান  সংসারের দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ার পর থেকে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সমস্ত জল্পনার সমাপ্তি। আগামিকাল, শুক্রবারের নমাজের পর নতুন সরকার গঠন নিয়ে ঘোষণা করতে চলেছে তালিবান। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র থেকে তেমনই দাবি করা হচ্ছে। সেই ঘোষণাতেই জানানো হবে, সরকারের বিভিন্ন পদে কারা থাকবে।

এদিকে বুধবারই জানা গিয়েছে মন্ত্রিসভায় জায়গা পাওয়া নিয়ে হাক্কানি  গোষ্ঠী এবং কান্দাহারের মোল্লা ইয়াকুব গোষ্ঠীর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। যা সরকার গঠনের আগেই অস্বস্তিতে ফেলেছে তালিবানকে। তালিবানের সেনাবাহিনীর দায়িত্বে রয়েছে মোল্লা ইয়াকুব গোষ্ঠী। নতুন সরকারের মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ার দাবি জানিয়েছে তারা। কিন্তু হাক্কানি গোষ্ঠী সেখানে নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠছে।

শুধু হাক্কানি বা ইয়াকুব গোষ্ঠীই নয়, একে একে তালিবানের অন্য গোষ্ঠীগুলিও নিজেদের অধিকার নিয়ে সরব হতে শুরু করেছে। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে তালিবানের শীর্ষনেতারা। যদিও বুধবার রাতের বৈঠকের পরে তালিবানের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ইসলামিক নেতাদের প্রাধান্য আফগানিস্তানে সরকার তৈরি করবে তারা। তবে তখনই মন্ত্রিসভা সম্পর্কে বিশদে কিছু জানায়নি তারা। যা সম্ভবত শুক্রবারই জানা যাবে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.