চিলিকে হারিয়ে ব্রাজিলের টানা সপ্তম জয়

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের জয়রথ ছুটে চলেছে। আজ শুক্রবার চিলির মাঠে তারা জিতেছে ১-০ গোলে।

এভারটন রিবেইরোর একমাত্র গোলে চিলিকে হারিয়েছে ব্রাজিল। আসরে এটি তাদের টানা সপ্তম জয়।

বল পজিশনে ঢের এগিয়েই ছিল চিলি। চিলির অ্যাগ্রেসিভ ফুটবল সামলাতে বেশ বিপাকেই পড়তে হয়েছে সেলেসাওদের। বিশেষ করে চিলির সামনে প্রথমার্ধে ঠিক গুছিয়েই উঠতে পারেনি সেলেসাওরা। একের পর এক আক্রমণে ব্রাজিলকে চাপে রেখেছিল চিলি। কিন্তু কাজের কাজ গোল তারা পায়নি। উল্টো হজম করেছে দ্বিতীয়ার্ধে।

মূল একাদশের বেশ কয়েকজন খেলোয়াড় ছিলনা ব্রাজিল দলে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তারপরও চিলির বিপক্ষে জিতেছে ব্রাজিল। ম্যাচের ৬৪তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। নেইমারের শট গোলরক্ষক ব্রাভো ফিরিয়ে দেওয়ার পর ফিরতি শটে জালে জড়ান রিবেইরো।

এ নিয়ে ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে সেলেসাওরা। অন্যদিকে, টানা দুই ম্যাচে ড্রয়ের পর বিশ্বকাপ বাছাইপর্বে জয় পেল আর্জেন্টিনা। লাতিন অঞ্চলের বাছাইয়ে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। গোল পেয়েছেন লাউতারো মার্তিনেজ, হোয়াকিম কোরেয়া ও আনহেল কোরেয়া। ব্রাজিলের সমান ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা রয়েছে দ্বিতীয় স্থানে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.