ওসি হতে পারেন হ্যামিলনের বাঁশিওয়ালা : আইজিপি

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাইলেই হ্যামিলনের বাঁশিওয়ালা হতে পারেন‌ বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আজ শনিবার ঢাকা রেঞ্জের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ‘মানুষের জন্য কাজ করে তাদের হৃদয় ও মন জয় করা যায়। এটা টাকা দিয়ে কেনা যায় না।’ পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘চাকরিতে ‘‘প্যাশন’’ আনতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যের সম্মান ও মর্যাদাবোধ থাকতে হবে। পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

যেহেতু সমাজ পরিবর্তন হয় সেহেতু সমাজ পরিবর্তনের সঙ্গে আইন-শৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পরিবর্তন হয়। তাই সর্বদা সমাজের পরিবর্তনশীল চাহিদার প্রতি লক্ষ্য রেখে পুলিশিং কার্যক্রম চালু রাখতে হবে বলে জানান বেনজীর আহমেদ।

বিট পুলিশিংকে একটি কার্যকর পদ্ধতি হিসেবে আখ্যায়িত করে পুলিশ প্রধান বলেন, ‘বঙ্গবন্ধু প্রতিটি ইউনিয়নে থানা করার যে স্বপ্ন দেখেছিলেন মূলত, বিট পুলিশং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন, প্রতিটি গ্রামে শহরের সুবিধা পৌঁছে দেওয়া হবে। এক্ষেত্রে প্রতিটি ইউনিয়নে অপরাধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিট পুলিশং কার্যকর অবদান রাখতে পারে।’

আইজিপি ঢাকা রেঞ্জের বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি অন্যান্য ইউনিটেও এ ধরনের উদ্ভাবনমূলক কার্যক্রম চর্চার ওপর গুরুত্বারোপ করেন। সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। এ সময় তিনি আগস্ট মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, অপরাধ ব্যবস্থাপনা ও পুলিশের বিভিন্ন কার্যক্রম সভায় উপস্থাপন করেন। মাদারীপুর জেলা পুলিশ আয়োজিত এই সভায় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজিগণ, রেঞ্জধীন সকল জেলার পুলিশ সুপার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.